শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের ভাঙাতে সড়ক ও ড্রেন উন্নয়ন কাজের অংশ হিসেবে শ্রমিকরা খনন কাজ করছিলেন। এ সময় মাটির নিচে একের পর এক পুরনো মাটির কলসি দেখতে পান তারা। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।
আজ বৃহস্পতিবার (১২ ই মার্চ) ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌরসভার উন্নয়ন কাজ চলাকালে মাটি খননের সময় প্রায় ১৫টি পুরনো মাটির কলসি পাওয়ার ঘটনা ঘিরে এলাকায় গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে।
অনেকেই ধারণা করেন, কলসিগুলোর ভেতরে হয়তো গুপ্তধন বা মূল্যবান কোনো বস্তু থাকতে পারে। পরে কলসিগুলো পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে কোনো ধরনের স্বর্ণালংকার, মুদ্রা বা মূল্যবান সম্পদ পাওয়া যায়নি। ফলে গুপ্তধনের বিষয়টি গুজব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অতীতে গ্রামাঞ্চলে মাটির কলসি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। অনেক সময় খাবার সংরক্ষণ বা গৃহস্থালির প্রয়োজনে এসব কলসি মাটির নিচে পুঁতে রাখা হতো। দীর্ঘদিন পর খননের সময় সেগুলো বের হয়ে আসা অস্বাভাবিক নয়। তাই বিষয়টি নিয়ে অযথা গুপ্তধনের গুজব না ছড়ানোর আহ্বান জানান তারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টিকে সাধারণ ঘটনা বলেই উল্লেখ করা হয়েছে।
Leave a Reply