শেখ মোহাম্মদ ইকবাল ।
বিশেষ প্রতিনিধি, ফরিদপুর ।
ফরিদপুরের নগরকান্দায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম।
মঙ্গলবার রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয়ের অভিযোগে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম মোঃ সোহেল রানা চৌধুরী, নগরকান্দা থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের আওতাধীন এলাকায় মোট ১১টি দল রাতের অভিযান পরিচালনা করে। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
এছাড়া রাত ৮টার পর দোকান বা মার্কেট খোলা রাখায় ২৯ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।
Leave a Reply