ফরিদপুরে রবিবার (১২ এপ্রিল) গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের যুগ্ম আহ্বায়ক ও এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ এবং খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি কারী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।
আরও বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply