শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত এসব গোলাবারুদ পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারনা র্যাবের।
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা, নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব জিরো টলারেন্স নীতিতে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে কাজ করে আসছে বলে জানিয়েছেন, রেপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত
(২৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফরিদপুর র্যাব-১০ এর একটি চৌকস দল।
কোতয়ালী থানার বিআরটিসি অফিসের দক্ষিণ প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে ঝোপঝাড়ে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গত বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সুযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা যে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল, সেগুলোরই অংশ হতে পারে উদ্ধার হওয়া এসব সামগ্রী।
র্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার (মিডিয়া) জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply